
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে (শনিবার) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।
সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।
সভায় বক্তারা বন্দরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।